হোম > শিক্ষা

বিজ্ঞানচর্চায় প্রশ্ন করতে হবে, জ্ঞান কাজে লাগাতে হবে মানুষের কল্যাণে: ইউজিসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করার পাশাপাশি অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে প্রশ্ন করা। বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতির ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়। একই সঙ্গে বাবা-মা, শিক্ষক, সমাজ ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।

শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি চেয়ারম্যান বলেন, জীবনে এগিয়ে যেতে এবং নিজের, প্রকৃতি ও দেশের জন্য ভূমিকা রাখতে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে। ‘কেন’ ও ‘কীভাবে’—এই প্রশ্নের মধ্যেই বিজ্ঞানের ভিত্তি নিহিত।

বিজ্ঞানের জ্ঞান ব্যবহারের বিষয়ে তিনি বলেন, বিজ্ঞানের অর্জন মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। বিজ্ঞান যেমন কল্যাণের সূচনা করতে পারে, তেমনি অকল্যাণেরও কারণ হতে পারে। এ দুইয়ের পার্থক্য উপলব্ধি করা জরুরি।

শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের একার অর্জন নয়। বাবা-মা তাদের ত্যাগ ও অনুপ্রেরণায় সন্তানদের এ পর্যায়ে নিয়ে আসেন। শিক্ষকরা পরিশ্রম করে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা ও শেখার প্ল্যাটফর্ম তৈরি করেন। তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রাখতে হবে।

রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও অধ্যবসায়ের পরিচয় দিয়েছে। এ ভালোবাসা প্রকৃতি, জীবন ও দেশের প্রতিও তাদের দায়বদ্ধতার প্রকাশ।

রসায়ন শুধু বিজ্ঞানের ভাষা নয়, জীবনের ও প্রকৃতির ভাষাও উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, জীবন ও প্রকৃতিকে বুঝতে রসায়নের জ্ঞান গুরুত্বপূর্ণ। মানুষের জন্য, প্রকৃতির জন্য এবং সম্ভাবনাময় দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আগ্রহ ও নিষ্ঠাকে কাজে লাগাতে হবে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের শুভকামনা জানান তিনি। আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা করেন ইউজিসি চেয়ারম্যান। অলিম্পিয়াড আয়োজনের সঙ্গে যুক্ত রসায়ন বিভাগের শিক্ষক ও বাংলাদেশ কেমিস্ট্রি সোসাইটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইদ আলম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। দেশকে এগিয়ে নেওয়া ও বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, রসায়নের প্রতি শিক্ষার্থীদের গভীর আগ্রহ তৈরি এবং দক্ষ রসায়নবিদ হিসেবে গড়ে উঠতে এ আয়োজন সহায়তা করবে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও রসায়ন অলিম্পিয়াডে যুক্ত করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে দেশের বিভিন্ন কলেজের এইচএসসি পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে অংশ নেন ২১৩ জন। তাদের মধ্য থেকে সেরা ১০ জন নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীরা তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আন্তর্জাতিক পর্যায়ে দেশের শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা তুলে ধরার ক্ষেত্রে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

আ.লীগের সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ

প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ

ইজতেমা থেকে ফেরার পথে প্রাণ গেল বেরোবি শিক্ষার্থী পীরগাছার আফিক হাসান অভির

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ হিফয কনভোকেশন অনুষ্ঠিত

আমরা প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে পারিনি

আ.লীগ পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না: বেরোবি ছাত্রশিবির সভাপতি

চুয়েট শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিককে মারধর

পাঠ্যবই মুদ্রণে ৭০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

শ্রেণিপাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা

পরীক্ষায় অসদুপায়, রাবির ৬০শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা