হোম > শিক্ষা

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহ্দী আমিন

স্টাফ রিপোর্টার

শিক্ষা খাতে বরাদ্দকে কোনো খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, এ বিনিয়োগের মূল লক্ষ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধিত্ব করছে। প্রধানমন্ত্রী সরকার গঠনের পরই নয়, নির্বাচনী প্রচারণায়ও শিক্ষার কথা বারবার বলেছেন এবং জাতিসংঘেও শিক্ষাবিষয়ক রূপকল্প তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকেই সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মাহ্দী আমিন জানান, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে তিনি প্রধানমন্ত্রীর খুব কাছ থেকে শিক্ষা নিয়ে কাজ করেছেন এবং নীতিমালাগুলো দেখেছেন। এখন সেই নীতি বাস্তবায়নে কিছুটা হলেও সহযোগিতা করার সুযোগ পেয়েছেন। তিনি উল্লেখ করেন, মিড-ডে কর্মসূচি কিংবা প্রথম শ্রেণি থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী অনেক বছর ধরেই বলে আসছেন।

শিক্ষার দুটি মূল উদ্দেশ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রথমত, মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা, যিনি সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দ্বিতীয়ত, এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি কিংবা উদ্যোক্তা হিসেবে স্বনির্ভর হতে পারে। সহজ কথায়, শিক্ষার মাধ্যমে ‘ভালো মানুষ’ ও ‘কাজের মানুষ’ গড়ে তোলাই লক্ষ্য।

নতুন উদ্যোগ ও সংস্কারের প্রসঙ্গে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় যুক্ত হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন বাড়ানো, কারিকুলামকে আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিকে আরও নির্মোহ করার কাজ চলছে। গত নয় মাসে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।

বাজেট প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ধারাবাহিকভাবে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্যে প্রথম বছরেই প্রায় ২ শতাংশ করা হয়েছে। বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি।

জাতির ‘দর্পণ’ হিসেবে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইরাবের পাশে থেকে একসঙ্গে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো ভুলভ্রান্তি হলে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। পাশাপাশি সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়ন ও প্রসারে সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ এবং সহযোগিতা কামনা করেন তিনি।

মাহ্দী আমিন বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে দর্পণের মতো কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের কোথাও কোনো ত্রুটি থাকলে সাংবাদিকরা তা শুধরে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এবং ভালো কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবেন, এটাই তাঁদের প্রত্যাশা। সামনের দিনগুলোতে ইরাবের নতুন কমিটি শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করা সাংবাদিকদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, মন্ত্রণালয় কীভাবে চলে এবং এর ভেতরের কার্যক্রম কীভাবে সম্পাদিত হয়, সে বিষয়ে সাংবাদিকদের গভীর ধারণা রয়েছে। তাই মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালা বাস্তবায়নে তথ্য ও উপাত্ত দিয়ে এবং ভিন্ন কোনো মতামত থাকলে তা জানিয়ে প্রতিটি মুহূর্তে সহযোগিতা করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

ইরাবের সদস্যদের সঙ্গে নিজের ঘনিষ্ঠ পেশাগত সম্পর্কের কথা স্মরণ করে মাহ্দী আমিন জানান, ইতিপূর্বে তিনি অনেকের সঙ্গেই মতবিনিময় করেছেন। সামনের দিনগুলোতেও এ আলোচনা আরও বাড়ানোর চেষ্টা করবেন।

ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, ইরাবের বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ প্রমুখ।

প্রসঙ্গত, ইরাব দীর্ঘদিন ধরে শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে আসছে।

শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের নেতৃত্ব প্রশিক্ষণ দেবে কেমব্রিজ

৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে শনিবার রোডম্যাপ ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের

জুলাইয়ে শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া সেই জবি প্রক্টরের পদোন্নতি

ক্লাস বাদ দিয়ে মিছিলে গেলে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মেডিক্যাল-ডেন্টালে ভর্তির আবেদন শুরু, জেনে নিন আবেদনের নিয়ম ও ফি

পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়তে হবে: শিক্ষামন্ত্রী

জবির ভর্তি আবেদন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান