ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে এক ঘণ্টাব্যাপী চলবে এই পরীক্ষা।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১১ হাজার ১৮৬ জন শিক্ষার্থীর আসন নির্ধারণ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে শেষ হতে চলেছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তিযুদ্ধ।
বরাবরের মতো আজও ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবা প্রদানের লক্ষ্যে 'হেল্প ডেস্ক' বসিয়েছেন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন।
এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। ক্যাম্পাসে আনসার, র্যাব, বিএনসিসি-রোভার স্কাউট ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে প্রশাসন। আশা করছি, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।'
উল্লেখ্য, এ বছর মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন, যার মধ্যে 'এ' ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ২৪০ জন, 'বি' ইউনিটে ৯৩ হাজার ১৫৮ জন এবং 'সি' ইউনিটে ২৫ হাজার ২৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২৭ মার্চ ইবি কেন্দ্রে ৮৮.৫৩ শতাংশ উপস্থিতির হার নিয়ে 'সি' ইউনিটের এবং ৩ এপ্রিল ৮৬.৪৫ শতাংশ উপস্থিতির হার নিয়ে 'বি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।