নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতকের (সম্মান) দুটি বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে সোমবার। রোববার (৭ জুন) GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী A, B ও C ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম রোববার (৭ জুন) দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত GST-এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এছাড়া এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও GST রোল নম্বর উল্লেখ করে স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী A, B ও C ইউনিটের শিক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (৩য় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রসিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রসিদ প্রদর্শন করতে হবে।
রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান করছি। ভর্তি কার্যক্রম শেষ হলে খুব দ্রুতই শ্রেণি কার্যক্রম শুরু করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের এই যাত্রা নিঃসন্দেহে জেলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক। নওগাঁ বিশ্ববিদ্যালয়ও ভবিষ্যতে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকবে না বরং এটি হবে জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, গবেষণা এবং মানবিক মূল্যবোধ বিকাশের প্রাণকেন্দ্র। এখান থেকে গড়ে উঠবে দক্ষ প্রশাসক, বিচক্ষণ আইনজ্ঞ, সফল উদ্যোক্তা, গবেষক ও মানবকল্যাণে নিবেদিত নাগরিক।
জেডএম