হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে নারী শিক্ষার্থীদের আবাসন সহায়তা স্কিম চালু ফেব্রুয়ারিতে

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যেসব নারী শিক্ষার্থী আবাসন সংকটের কারণে হলে থাকতে পারছেন না তাদেরকে 'আবাসন সহায়তা স্কিমে'র আওতায় প্রতি মাসে তিন হাজার টাকা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হবে। শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই সহায়তা চলমান থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন পরিকল্পনা ও কাজের অগ্রগতি সম্পর্কে বলা হয়। নারী শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তিটি বিশ্ববিদ্যালয় ইতিহাসে ১০৩ বছর পরে দেওয়া হচ্ছে বলেও জানান কর্তৃপক্ষ।

এসময় বলা হয়, মেয়েদের আবাসন সমস্যা নিরসনে স্বল্প মেয়াদি পরিকল্পনা হিসেবে যাদের আবাসন দরকার কিন্তু বিশ্ববিদ্যালয় যাদেরকে হলে আসন দিতে পারছে না, তাদেরকে আবাসন সহায়তা স্কিম দেওয়া হবে। এই প্রক্রিয়ায় মেয়েদের সংশ্লিষ্ট হলগুলোতে আবেদন চলমান রয়েছে। হল পর্যায়ে যাচাই-বাছাই কমিটির মাধ্যমে এই বৃত্তি দেওয়া হবে।

এসময় আরো বলা হয়, মেয়েদের হলগুলোতে বাঙ্ক বেড বসিয়ে 'স্বল্প সময়ে' ৪০০ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বাঙ্ক বেড কেনার জন্য ঠিকাদারি প্রক্রিয়ায় না গিয়ে মেয়েদের আবাসন সমস্যাকে 'বিপর্যয়' উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বেডগুলো সরাসরি কিনেছে।

মধ্য মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিশ্ব ব্যাংকের হিট হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ছাত্র-ছাত্রীদের জন্য আবাসন বৃত্তি চালুর বিষয়টিও বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সম্প্রতি বিশ্ব ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি মেয়েদের হলগুলোতে এসে দুরবস্থা দেখে তাৎক্ষণিকভাবে এই বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়। আগামী শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় আসবে।

এছাড়াও গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আবাসন নিয়ে আলোচনা করেন। সেসময় বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০০ কোটি টাকার ফান্ড চাওয়া হয়। যার আয় থেকে ভবিষ্যতে আবাসন বৃত্তি চালু রাখা যাবে। সেই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানে শাহনেওয়াজ হোস্টেল ভেঙ্গে নতুন ভবন করে এক হাজার শিক্ষার্থী , শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষকদের আবাসন ব্যবহার করে ৬০০ শিক্ষার্থী, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৫০০ শিক্ষার্থী এবং কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষক ও প্রভোস্ট বাংলোতে আরো ৫০০ জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা হবে। এতে সর্বমোট ২ হাজার ৬০০ জনের আবাসন হলেও ৪ হাজার নারী শিক্ষার্থী থাকতে পারবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে প্রস্তাবিত 'বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ' প্রকল্পটির কাজ চলমান রয়েছে। বর্তমানে প্রকল্পের নথিপত্র অর্থ মন্ত্রণালয়ে আছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম।

এসময় তিনি বলেন, হলগুলোতে শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত ১৫-২০ বছরে প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলে আসন বরাদ্দ পায়নি। কিন্তু এ বছর সেটা সম্ভব হয়েছে।

এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে আমাদের চেষ্টা অব্যাহত আছে। হল বানানো, ভবন নির্মাণসহ এই প্রক্রিয়াগুলোতে সময় কমানো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা। সুখকর বিষয় হলো এতে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

হাবিপ্রবির বাজেটে সর্বোচ্চ ব্যয় বেতন-ভাতায়

জাবিতে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণকালে বহিরাগত যুবক আটক

জাপানকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল, টিএসসিতে সমর্থকদের উল্লাস