রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা আরো সহজ ও দ্রুততর করতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন শিবির নেতৃবৃন্দ।
অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, মেডিকেল সেন্টারের সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। আমরা ইতোমধ্যেই মেডিকেলে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মেডিকেল পরিচালকের সাথে আলোচনা করেছি। আশা করি, এটি খুব দ্রুতই একটি পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নেবে। আমাদের ইশতেহারে এখানে ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার দাবি জানানো হয়েছিল; আশা করি বর্তমান প্রশাসনের হাত ধরেই তা বাস্তবায়িত হবে।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে উপহার দিয়েছি। শিক্ষার্থীদের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা ছিল এই মেডিকেল সেন্টার। সেই সেবার মানোন্নয়নের লক্ষ্যেই অ্যাম্বুলেন্সটি প্রশাসনকে দেওয়া হলো। আমরা দলমত-নির্বিশেষে সব শিক্ষার্থীর সুবিধার্থেই এটি হস্তান্তর করেছি।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বোঝাতে চাই যে, এসব উন্নয়নমূলক কাজ মূলত প্রশাসনেরই করার কথা এবং তাদেরই এগিয়ে আসা উচিত। প্রতিষ্ঠার এতদিন পরও একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার গড়ে তুলতে না পারাটা প্রশাসনের বড় ব্যর্থতা। তারা যেন শিক্ষার্থীদের এই কষ্টগুলো অনুভব করে দ্রুত ব্যবস্থা নেয়।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মাফরূহা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কাছে হওয়ায় আমাদের প্রায়ই রোগী নিয়ে যাতায়াত করতে হয়। দেখা যায়, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে গেলে অন্য মুমূর্ষু রোগীর জন্য অ্যাম্বুলেন্স সংকট দেখা দেয়। এখন নতুন এই অ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় এবং প্রশাসন একজন চালক নিয়োগ দিলেই সেই সংকট দূর হবে। তাদের এই উপহার অবশ্যই শিক্ষার্থীদের সেবায় বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ শিক্ষক ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।