হোম > শিক্ষা > ক্যাম্পাস

জুলাই সনদের মীমাংসা সংসদে না হলে রাজপথে গড়াতে পারে: নাহিদ ইসলাম

প্রতিনিধি, চবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংসদে সমাধান না হলে আন্দোলন রাজপথে গড়াতে পারে। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি সংকট ও হামের প্রকোপের মধ্যে তিনি কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা চান না বলেও মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে তারা কোনো পরিষ্কার বক্তব্য দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দিইনি।”

তিনি আরও বলেন, “বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলের রাজনৈতিক পরিসর কিছুটা সংকুচিত হয়ে গেছে। আমরা চাই না আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, দেশের জ্বালানি সংকট ও হামের প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে অস্থিরতা তৈরি হোক। তবে সংসদে যদি এ বিষয়ে সমাধান না আসে, তাহলে আন্দোলন রাজপথে গড়াতে পারে। বিষয়টি অনেকটাই বিএনপির অবস্থানের ওপর নির্ভর করছে।”

জুলাই সনদ বাস্তবায়নে বিলম্বের বিষয়ে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, “বিএনপি কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, সেটার উত্তর তারাই ভালো দিতে পারবে।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচনী জোটে রয়েছি। স্থানীয় সরকার কিংবা সিটি করপোরেশন নির্বাচন জোটবদ্ধভাবে হতে পারে। আবার নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় এককভাবেও নির্বাচন হতে পারে। সময় এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।”

চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং চাকসু নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন তারা।

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ