দেশের শিক্ষা ও গবেষণার উন্নয়নে পাণ্ডুলিপির পাঠোদ্ধার ও চর্চা বাড়ানোর ওপর জোর দিতে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ই-জোনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ঢাবি গ্রন্থাগারে পাণ্ডুলিপিবিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
উপাচার্য গ্রন্থাগারের পাণ্ডুলিপিসমূহ যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব পাণ্ডুলিপি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপগ্রন্থাগারিক সাদিয়া আফরিন।
এ সময় বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) পাণ্ডুলিপিবিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক তাসলিমা আক্তার।
কর্মশালায় কলা অনুষদভুক্ত ৯টি বিভাগের মোট ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
আয়োজকেরা জানান, পাণ্ডুলিপি সংরক্ষণ, পাঠোদ্ধার ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
এলআর