হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে দুই দিনব্যাপী বৈশাখী মেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রতিনিধি, জবি

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলা ও উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ১৪ ও ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আনন্দঘন পরিবেশে এই উৎসব উদ্‌যাপিত হবে। আর এই আয়োজনকে ঘিরে বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিশেষ করে চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি।

সোমবার (১৩ এপ্রিল) সরজমিনে দেখা যায়, এবারের নববর্ষ উদ্‌যাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের মূল স্ট্রাকচারের তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। যার মধ্যে রয়েছে পোড়ামাটির ঐতিহ্যবাহী আদলে গড়া শান্তির প্রতীক পায়রা এবং বিশাল আকৃতির একটি রঙিন পাখি। এছাড়াও শোভাযাত্রাকে আকর্ষণীয় করতে চরকি, সূর্যমুখী ফুল, ফড়িং, পাখিসহ দেশীয় ঐতিহ্যের নানা উপকরণ তৈরি করা হচ্ছে।

এছাড়াও আয়োজকরা জানিয়েছেন, দুই দিনব্যাপী এই বৈশাখী উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত এবং কনসার্টসহ নানা আয়োজনের ব্যবস্থা করা হবে। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ জানান, এবারের পহেলা বৈশাখের দিন মূল আয়োজনের পাশাপাশি বিকেল ৪টায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতী। পাশাপাশি উৎসবকে আরও প্রাণবন্ত করতে আজকেও বিভিন্ন গ্রুপের রিহার্সাল চলছে। ইতিমধ্যে দুটি দল তাদের রিহার্সাল শেষ করে ফিরেছে এবং আরও একটি দল পুরোদমে তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে।

উৎসবের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে তাকরিম আহমেদ বলেন, "মোটামুটি সব কাজ গুছিয়ে এসেছে। একদম শেষ পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈশাখী আয়োজন। শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিদের স্বতস্ফুর্ত অংশগ্রহনে আয়োজন হচ্ছে পহেলা বৈশাখ। অন্যান্য বারের চেয়ে ভিন্ন আয়োজন পেতে যাচ্ছে জবি শিক্ষার্থীরা। তাদের চাহিদা মোতাবেক অনেক নতুন নতুন জিনিস যুক্ত হয়েছে এবার। যা শিক্ষার্থীদের আনন্দকে বাড়িয়ে তুলবে।"

সার্বিক প্রস্তুতির বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, তিনি আসন্ন নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন। একইসঙ্গে তিনি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৈশাখী মেলার নির্ধারিত স্থানসমূহও পর্যবেক্ষণ করেছেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খানসহ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

জাবিতে চৈত্র সংক্রান্তিতে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত

বাংলাদেশ-চীনের সামুদ্রিক সহযোগিতা জোরদারে এমওইউ স্বাক্ষর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

নববর্ষকে বরণ করতে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়

ঢাবিতে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর বিঝু উৎসব উদযাপন

নববর্ষ উদযাপনে প্রস্তুত চারুকলা, ১৪ এপ্রিল সকাল ৯টায় শুরু শোভাযাত্রা

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে ছাত্রদল নেতার সচেতনতামূলক ক্যাম্পেইন

হাবিপ্রবিতে কর্মচারির হামলায় শিক্ষার্থী গুরুতর আহত

ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

এজিএসসহ রাবির ৩ শিক্ষার্থীর আবাসিকতা সাময়িক বাতিল