রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নারী মুসল্লিদের জন্য পৃথক প্যান্ডেলে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ছয়টি খাসি কোরবানি করা হবে৷
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঈদের জামাতের সময়সূচি ও কোরবানির বিষয়টি নিশ্চিত করেন প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. শাহ হুসেইন আহমেদ মাহদী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী মুসল্লিরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটসংলগ্ন বিএনসিসি গেট দিয়ে প্রবেশ করবেন এবং নামাজ শেষে একই পথ দিয়ে বের হবেন।
কোরবানির আয়োজন সম্পর্কে অধ্যাপক ড. শাহ হুসেইন আহমেদ মাহদী বলেন, আন্তর্জাতিক ডরমেটরিসহ ক্যাম্পাসে অবস্থানরত প্রায় ৩৩০ জন শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ছয়টি খাসি কুরবানি করা হবে। এছাড়া হলে অবস্থানরত স্টাফ ও শিক্ষার্থীদের জন্য দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থাও থাকবে। আশা করছি সুষ্ঠুভাবে পুরো আয়োজন সম্পন্ন করতে পারব।