ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় কোরআন দিবস উপলক্ষে ‘কোরআন সন্ধ্যা’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১১ মে) এ আয়োজনে দেশি-বিদেশি খ্যাতিমান ক্বারীরা অংশ নেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বলেন, কোরআন দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সামনে কোরআন তেলাওয়াত উপস্থাপনের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি। এছাড়া কোরআন তেলাওয়াতে অংশ নেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি ও মা'হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও পুরস্কারপ্রাপ্ত ক্বারীরা।
অংশগ্রহণকারী ক্বারীদের মধ্যে রয়েছেন হাফেজ ক্বারী মাহবুবুর রহমান, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর ক্বিরাত প্রশিক্ষক এবং বিটিভি, চ্যানেল ২৪ ও আরটিভিতে নিয়মিত তেলাওয়াত করেন। আরও ছিলেন তুরস্ক আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ২০২৬-এর দ্বিতীয় স্থান অর্জনকারী হাফেজ ক্বারী ওসমান গনী, ক্বিরাত প্রশিক্ষক ক্বারী সাবাহ মুহতাদি আবীদ, সাইমুম শিল্পীগোষ্ঠীর ক্বিরাত পরিচালক ক্বারী মুমিনুল ইসলাম এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত আব্দুল্লাহ আল জাওয়াদ।
আয়োজকদের মতে, কোরআনের সুর ও তেলাওয়াতের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আধ্যাত্মিক আবহ তৈরি করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
সরেজমিনে দেখা যায়, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিলো।