হোম > শিক্ষা > ক্যাম্পাস

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে ছাত্রদল নেতার সচেতনতামূলক ক্যাম্পেইন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে পানি ও বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একদল নেতাকর্মী।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘বৈশ্বিক সংকটকালীন মুহূর্তে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু হয়। পরে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, ভিসি চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের আয়োজক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, চলমান বৈশ্বিক সংকটের এই সময়ে আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন জীবনের ছোট ছোট অপচয়ই পানি ও বিদ্যুতের সংকটকে আরও তীব্র করে তুলছে। অথচ সামান্য সচেতনতা ও অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে বড় ধরনের সাশ্রয় সম্ভব।

তিনি আরও বলেন, অপ্রয়োজনীয়ভাবে বাতি জ্বালিয়ে রাখা বা ট্যাপ খোলা রাখা আমাদের কাছে তুচ্ছ মনে হলেও, এসব ক্ষুদ্র অপচয় সম্মিলিতভাবে বড় সংকটে রূপ নেয়। চাহিদা বাড়লেও জ্বালানি ও পানির সরবরাহ সীমিত- এটাই বাস্তবতা।

তৌহিদুল ইসলাম উল্লেখ করেন, বিদ্যুৎ অপচয় রোধ শুধু খরচ কমানোর বিষয় নয়, এটি পরিবেশ সুরক্ষার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের ফলে অতিরিক্ত জ্বালানি পোড়ানো হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। একইভাবে, পৃথিবীতে পানির পরিমাণ বেশি হলেও ব্যবহারযোগ্য বিশুদ্ধ পানির পরিমাণ অত্যন্ত সীমিত।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, যেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থী একসঙ্গে বসবাস করে, সেখানে সামান্য অসচেতনতা থেকেও বড় ধরনের অপচয় হতে পারে। তাই প্রয়োজন ছাড়া লাইট-ফ্যান বন্ধ রাখা এবং পানির অপচয় রোধে সচেতন হওয়া জরুরি।

তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপচয় নয়, সাশ্রয়কে অভ্যাসে পরিণত করতে হবে। আজকের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতের বড় সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, সহ-সাধারণ সম্পাদক ইউছুফ ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সদস্য মোহাম্মদ রফিকউল্লাহসহ বিভিন্ন হল ছাত্রদলের নেতৃবৃন্দ।

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

ঢাকা কলেজে শিবিরের ‘ঈদ-ই-ইখওয়ান’ মধ্যাহ্নভোজ

শিক্ষার্থীদের জন্য ৬ খাসি দিয়ে রাবিতে কোরবানির আয়োজন

ঈদুল আজহায় রাবি শিবিরের ‘নুসুক-ই মতিহার’

ঈদুল আজহায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’

বিশ্বখ্যাত ‘ন্যাচার ইনডেক্সে’ ১৫তম অবস্থানে রুয়েট

চীন সফরে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

দক্ষিণাঞ্চলের শেষ ভরসা খুমেক নিজেই সংকটে