জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ধরনের প্রচারণার তীব্র নিন্দাও জানিয়েছে তারা।
মঙ্গলবার সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও যৌথ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনগুলোতে যে বিষয় উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে অধ্যাপক জামাল উদ্দিনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এর পরও তার রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় টেনে এনে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা বলেন, কোনো ব্যক্তিকে নিয়ে তথ্য প্রকাশ বা অভিযোগের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও তথ্য যাচাই অপরিহার্য। কিন্তু প্রকাশিত সংবাদে সাংবাদিকতার এসব মৌলিক নীতি মানা হয়নি। একজন সম্মানিত শিক্ষক ও গবেষকের দীর্ঘদিনের পেশাগত সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতেই এ অপচেষ্টা চালানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, অধ্যাপক জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এমন একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার সুস্থ একাডেমিক পরিবেশের পরিপন্থি।
অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে ‘অসত্য ও অপপ্রচারের’ উৎস অনুসন্ধান এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। পাশাপাশি তার পেশাগত ভাবমূর্তি ও সম্মান রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।
এএম