হোম > শিক্ষা > ক্যাম্পাস

যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

রুবেল আনসারের বিরুদ্ধে উচ্চক্ষমতার তদন্ত কমিটি

প্রতিনিধি, খুবি

অধ্যাপক মো. রেজাউল ইসলাম। ছবি: সংগৃহীত

যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, যৌন হয়রানি নিরোধকেন্দ্রের ২৩ ও ২৪ নম্বর মামলার তদন্ত প্রতিবেদনের সুপারিশ পর্যালোচনা করে সিন্ডিকেট রুবেল আনসারের অভিযোগের বিষয়ে পাঁচ সদস্যবিশিষ্ট পৃথক একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত একটি স্বাধীন কমিটি।

রেজিস্ট্রার জানান, কমিটিতে দুজন সিন্ডিকেট সদস্য, একজন দক্ষ আইনজীবী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের পরিচালক সদস্য হিসেবে থাকবেন। কমিটিকে তদন্ত শেষ করে ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্তও সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এবং বিজয় ’২৪ হলের নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিনকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বর্জন করেন। পরে প্রশাসনের সঙ্গে বৈঠকে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ এ সিদ্ধান্তকে চলমান আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ এবং শিক্ষার্থীদের দাবিগুলোর পূর্ণ বাস্তবায়নের ওপর আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ভর করবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে