ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। বরখাস্ত হওয়া কর্মচারীর নাম আমান উল্লাহ আমান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় আমান সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন। প্রশাসনের সিদ্ধান্তের পর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আমান উল্লাহ আমানের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কেন তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে।
আমান উল্লাহ আমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থী থাকা অবস্থায়ই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ছাত্রলীগের বর্ধিত কমিটিতে তাকে সহসভাপতি পদে পদায়ন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চিঠি ছড়িয়ে পড়ে।
এর আগে গত ১০ নভেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সোহেল নামের এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে একই দিন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্যাম্পাসের সাম্প্রতিক নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি পর্যালোচনা করে নিরাপত্তা জোরদারসহ আমানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়
ছাত্রলীগের রাজনীতিতে আমান উল্লাহ আমানের সম্পৃক্ততা দীর্ঘদিনের। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সূত্রে জানা যায়, সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন কমিটিতে তিনি সদস্য ছিলেন। তবে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন কমিটিতে তিনি কোনো পদ পাননি।
পরবর্তী সময়ে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটির সময় আবারও সংগঠনটির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন আমান। ওই কমিটিতে তিনি গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক উপসম্পাদকের দায়িত্ব পান। ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের ঘনিষ্ঠ হিসেবে তার পরিচিতি ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া গোলাম রাব্বানীর অনুসারী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।
সর্বশেষ ছাত্রলীগের বর্ধিত কমিটিতে আমানকে সহসভাপতি পদে পদায়ন করা হয়েছে—এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিটি প্রকাশের পর তার অনুসারীদের অনেকে তাকে অভিনন্দন জানান। তবে বর্ধিত কমিটির অন্য সদস্যদের পদায়নসংক্রান্ত চিঠির সঙ্গে আমানের চিঠির রং ও ধরনে পার্থক্য থাকায় সেটির সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে।
এদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলেও আমান উল্লাহ আমান সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। ছাত্রলীগের রাজনীতিতে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি ওই সময়ের কর্মকাণ্ড নিয়েও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
আবাসন ও অফিসে অনিয়মের অভিযোগ
আমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৬৪ নম্বর কক্ষে একাই থাকতেন বলে জানা গেছে। অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশ আবাসনসংকটের কারণে একই কক্ষে গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হন।
এ ছাড়া নিয়মিত অফিস না করেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময় রাজনৈতিক পোস্ট ও কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তের পর থেকে আমান উল্লাহ আমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের পর তিনি আত্মগোপনে রয়েছেন।
এদিকে, ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আমানের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসার পর তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শুধু সাময়িক বরখাস্ত করেই বিষয়টি শেষ করা যাবে না। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নিশ্চিত করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার ও দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নিতে হবে।