বিদেশি শিক্ষার্থী ভর্তিতে একসময় এগিয়ে থাকলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এখন তাদের আগ্রহ ক্রমেই কমছে। টিউশন ফি ও আবাসন ব্যয়, সেশনজট, ভাষাগত জটিলতা, ভর্তি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণ হারাচ্ছে। ভর্তি হওয়ার পরও অনেকে নির্ধারিত সময়ে পড়াশোনা শেষ করতে পারছেন না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া ৩১ বিদেশি শিক্ষার্থীর মধ্যে ১৫ জন পড়াশোনা অসমাপ্ত রেখেই নিজ দেশে ফিরে গেছেন। স্নাতকোত্তরে ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে পাঁচজন, পিএইচডিতে আটজনের মধ্যে চারজন এবং এমফিলে পাঁচজনের মধ্যে দুজন কোর্স শেষ করতে পারেননি।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২০। তারা নেপাল, নাইজেরিয়া, ভারত ও গাম্বিয়ার নাগরিক। এর মধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চারজন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আটজন, ২০২০-২১ শিক্ষাবর্ষের একজন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ছয়জন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন রয়েছেন।
তথ্যানুযায়ী, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সাতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হলেও পরের বছর তা বেড়ে ২২ জনে পৌঁছায়। এরপর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১৬ জন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১৪ জন ভর্তি হন। তবে পরের বছরগুলোতে এ সংখ্যা ধারাবাহিকভাবে কমতে থাকে।
২০২০-২১ শিক্ষাবর্ষে মাত্র একজন, ২০২১-২২ শিক্ষাবর্ষে ছয়জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে একজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। সবশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিলে দুজন ভর্তি হলেও স্নাতক পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও স্নাতক পর্যায়ে কোনো বিদেশি শিক্ষার্থীর আবেদন জমা পড়েনি। তবে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ছয়জনের ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আজিজুর রহমান হলের আন্তর্জাতিক ব্লকের এক নেপালি শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক শিক্ষার্থী কোটা বন্ধ থাকায় বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা কমে গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে এসে ভাষাগত সমস্যার মুখেও পড়তে হয়।
তিনি আরো বলেন, ক্লাসে বাংলায় লেকচার দেওয়া হয়, যা বুঝতে আমাদের অসুবিধা হয়। আন্তর্জাতিক শিক্ষার্থী কোটা পুনরায় চালু করা হলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা বাড়তে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি নিয়ে প্রচারও খুব কম। ফলে অনেক বিদেশি শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারছেন না। বিষয়গুলো বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো নজর দেওয়া প্রয়োজন।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনাতেও রয়েছে নানা সীমাবদ্ধতা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জনবল সংকট ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ কমছে। তবে তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে প্রশাসনের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, বিদেশি শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন আবাসিক হলের একটি ব্লকে আলাদা থাকার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য পরিকল্পনাও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা গেলে বর্তমান পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের ফরেন সেলের কর্মকর্তা শাহদৎ হোসেন বলেন, লোকবল ও অবকাঠামো সংকটে ফরেন সেল কার্যকরভাবে কাজ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফরেন সেলের তথ্য জটিলভাবে সংরক্ষিত থাকায় এবং নিয়মিত হালনাগাদ না হওয়ায় বিদেশি শিক্ষার্থীরা সহজে প্রয়োজনীয় তথ্য পান না।
তিনি আরো বলেন, দেশীয় শিক্ষার্থীদের তুলনায় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বেশি এবং হল ফিও প্রায় ছয়গুণ। এছাড়া আবাসিক হলের মান, আলাদা ডাইনিং সুবিধা ও টিউটরের ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি আরো বাড়ছে।