হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ওবায়দুল ইসলাম

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার (১৭ মার্চ) অপরাহ্নে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১(২) ধারা অনুযায়ী গত সোমবার (১৬ মার্চ) তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের সময় সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-প্রশাসক উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবনিযুক্ত উপাচার্য তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরো সম্মানজনক পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়ানোই তার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি।

এসময় সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তার নেওয়া কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে।

এছাড়া, নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি অনুরোধ জানান।

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান

আনন্দ, স্মৃতি ও সম্প্রীতির মেলবন্ধন

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার