হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।
বক্তৃতাকালে হুইপ জি কে গউছ নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়জীবন জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেকে প্রস্তুত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। শিক্ষার্থীদের কেবল পড়াশোনাতেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
তিনি আরো বলেন, ‘কৃষি আমাদের জাতীয় অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণার মাধ্যমে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ করতে তরুণ প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে। এ ক্ষেত্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, অধ্যাপক ড. মাছুমা হাবিব এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক নিয়ম-শৃঙ্খলা মেনে চলা, নিয়মিত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সাথে শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক পরিচয় সম্পন্ন হয়। নতুন শিক্ষার্থীদের নতুন পদচারণায় পুরো ক্যাম্পাস প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেডএম