জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের কমিটিতে পদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের পদবঞ্চিত নেতা-কর্মীদের একাংশ। নিজেদের ত্যাগী ও নির্যাতিত দাবি করে কমিটিতে পদ দাবি করেছেন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তারা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে পদবঞ্চিত ইতিহাস বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ও মোহাম্মদ ইব্রাহীম নামে ছাত্রদলের কর্মী বলেন, ‘ আমরা কেন্দ্রীয় ছাত্রদলের সাথে ছয়টি মতবিনিময় সভা করেছি। আজকে সিনিয়রদের বাদ দিয়ে ৪৭তম ব্যাচ থেকে ৫৩তম পর্যন্ত যে অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা শুধু আমাদের একটা পরিচয় চাই।’
উল্লেখ্য, বিক্ষোভকারী পদপ্রত্যাশীদের অধিকাংশেরই ছাত্রত্ব অনেক আগে শেষ হয়েছে। ছাত্রত্ব আছে এমন শিক্ষার্থীদের নিয়ে আজ কেন্দ্রীয় ছাত্রদল মতবিনিময় সভা করছে বলে জানা গেছে।