চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। তারা হলেন- অধ্যাপক মো. বজলুর রহমান ও অধ্যাপক ড. পারভীন আক্তার। তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের পদত্যাগপত্র পৌঁছায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার কাছে দুজন সহকারী প্রক্টরের পদত্যাগ পত্র এসেছে। আমি সেগুলো প্রসিড করছি।
পদত্যাগ করা মো. বজলুর রহমান বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক। তিনি পদত্যাগপত্রে একাডেমিক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে ড. পারভীন আক্তার উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
জানতে চাইলে অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, আমি শহরে থাকি আর একাডেমিক ব্যস্ততা রয়েছে। এজন্য সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।
অন্যদিকে অধ্যাপক ড. পারভীন আক্তার বলেন, আমি অসুস্থ। ডাক্তার আমাকে চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। তাই আমি পদত্যাগ করেছি।