তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, চব্বিশের গণআন্দোলনে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের সরব ভূমিকা ও সীমাহীন ত্যাগ বিশ্বব্যাপী স্বীকৃত ও প্রশংসনীয়। ইনসাফ ন্যায় ও সততা প্রতিষ্ঠা এবং সমাজের সকল স্তরে বৈষম্য দূর করার লক্ষ্যে তাদের অবদান গুরুত্বপূর্ণ। ছাত্রীরাই পারবে অভিত্তিক নৈতিক ও আদর্শিক শিক্ষায় দীক্ষিত হয়ে ঘুনেধরা এ সমাজ বদলাতে।
মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মেইন ক্যাম্পাসে বালিকাদের শাখার উদ্যোগে আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পৃথিবীর জন্মলগ্ন থেকে এ পর্যন্ত মা হাওয়া (আ.) মারিয়াম, আছিয়া, খাদিজা, আয়েশা সহ উম্মাহাতুল মুমিনিন সবার পাশাপাশি যুগে যুগে নারীরা সমাজ সংস্কার, সমাজ উন্নয়ন, সমাজ সংশোধন ও আদর্শিক মানবিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী, মুফতি মাওলানা মহিউদ্দীন, অনার্স বিভাগের সমন্বয়ক মাওলানা শরিফুল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মাওলানা ফসিহুর রহমান প্রমুখ।