হোম > শিক্ষা > ক্যাম্পাস

নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ আমান।

তাদের মধ্যে আমানুল্লাহ আমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। তিনি সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাময়িক বরখাস্তের পর তিনি আত্মগোপনে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আমানের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় প্রশাসন। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। কেন তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে নোটিশে জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে, নিপু ইসলাম তন্বীর বিরুদ্ধেও একই ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এবং সংশ্লিষ্টতার ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আমানুল্লাহ আমানের পরিচয় ও রাজনৈতিক সম্পৃক্ততা

আমানুল্লাহ আমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থী থাকা অবস্থায়ই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সূত্রে জানা যায়, সংগঠনটির সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য ছিলেন আমান। তবে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন কমিটিতে তিনি কোনো পদ পাননি।

পরবর্তী সময়ে আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিটির সময় আবারও সংগঠনটির কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন আমান। ওই কমিটিতে তিনি গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক উপসম্পাদকের দায়িত্ব পান। ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের ঘনিষ্ঠ হিসেবে তার পরিচিতি ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া গোলাম রাব্বানীর অনুসারী হিসেবেও তিনি পরিচিত ছিলেন।

সর্বশেষ ছাত্রলীগের বর্ধিত কমিটিতে আমানকে সহসভাপতি পদে পদায়ন করা হয়েছে—এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিটি প্রকাশের পর তার অনুসারীদের অনেকে তাকে অভিনন্দন জানান। তবে বর্ধিত কমিটির অন্য সদস্যদের পদায়নসংক্রান্ত চিঠির সঙ্গে আমানের চিঠির রং ও ধরনে পার্থক্য থাকায় এর সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে।

জুলাইয়ে সরকারের পক্ষে মিছিলে অংশগ্রহণ:

২০২৪ সালের ৪ আগস্ট, গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে তৎকালীন সরকারকে টিকিয়ে রাখার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলেও আমানুল্লাহ আমান সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি গণ-অভ্যুত্থানের সময় তার ভূমিকা নিয়েও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

আমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা ব্যবহারের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২৬৪ নম্বর কক্ষে একাই থাকতেন বলে জানা গেছে। অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশ আবাসনসংকটের কারণে একই কক্ষে গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হন।

এ ছাড়া নিয়মিত অফিস না করেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময়ে রাজনৈতিক পোস্ট ও কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সক্রিয় থাকতে দেখা গেছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা থেকে ঢাবি কর্মচারী, ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত

প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তার দাবিতে তিন ছাত্রসংগঠনের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ

ককটেল-ফটকা ফুটিয়ে ছাত্রদলকে ভয় দেখানো যাবে না: নাসির উদ্দীন

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বোমা সন্ত্রাস, মুমূর্ষু একজন

বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বন্ধ বিআরটিসি বাসসেবা

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক