টাকার অভাবে মাস্টার্সে ভর্তি আটকে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক। অর্থাভাবে ঝরে পড়ার শঙ্কায় থাকা ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় সব দায়িত্ব নিয়েছেন তিনি। তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র এবং বর্তমানে স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আগামী ৭ মে তার মাস্টার্সে ভর্তির শেষ সময়। কিন্তু স্কলারশিপ পরীক্ষার ফি প্রদান, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, এফিডেভিট এবং পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কাজে নিজের জমানো সব অর্থ ব্যয় করে ফেলেন তিনি। অন্যদিকে পরিবার ঋণে জর্জরিত থাকায় সেখান থেকেও কোনো সহায়তা নেওয়া সম্ভব ছিল না। এমন অনিশ্চয়তার মধ্যে হলের এক বড় ভাইয়ের মাধ্যমে তিনি তরিকুল ইসলাম তারিকের সঙ্গে যোগাযোগ করেন।
সোমবার সন্ধ্যায় বিষয়টি জানার পরপরই তরিকুল ইসলাম তারিক ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দেন। সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, টাকার অভাবে আমার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। এমন পরিস্থিতিতে আমি হলের এক বড় ভাইয়ের মাধ্যমে তারিক ভাইয়ের সহযোগিতাপূর্ণ মনোভাব সম্পর্কে জানতে পারি। কারণ, এর আগেও বেশ কয়েকজনকে সহায়তা করতে তাকে দেখেছি। তাই তার কাছে সমস্যার কথা তুলে ধরি।
তিনি আরও বলেন, আমার জীবনে নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছেন তারিক ভাই। আমি ও আমার মা তার জন্য দোয়া করেছি।
জানতে চাইলে তরিকুল ইসলাম তারিক বলেন, রাজনীতির ঊর্ধ্বে হলো মানবিকতা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাবির একজন মেধাবী ছাত্রের পড়াশোনা কেবল টাকার অভাবে বন্ধ হয়ে যাবে—এটি মানা যায় না। সেই মনোভাব থেকে ছেলেটির সমস্যা সমাধান করার চেষ্টা করেছি।
তারিক আরও বলেন, ছাত্ররাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং সংকটে তাদের পাশে দাঁড়ানো। আমাদের ছোট ছোট কাজ কারও জন্য অনেক বড় কিছু হয়ে ওঠে। আমি ওই ছোট ভাইয়ের একাডেমিক সাফল্য কামনা করছি।
এমবি