মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনারের আমন্ত্রণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ, উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বিশেষ করে আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি এবং আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। মাদরাসা শিক্ষার্থীদের ভাষাগত ও একাডেমিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে তাদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাতে বাংলাদেশি জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতেও ভাষা শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা হয়। মালয় ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় করেন বাংলাদেশ হাইকমিশনার ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এ ক্ষেত্রে ভাষাগত দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। মালয়েশিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী মাদরাসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় ভাষা ও পেশাগত দক্ষতায় প্রশিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে তাদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়ানো সম্ভব বলে আলোচনায় গুরুত্ব পায়।
সংশ্লিষ্টরা মনে করেন, আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জন মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুধু উচ্চশিক্ষা ও গবেষণার পথই সুগম করবে না, বরং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থান ও একাডেমিক যোগাযোগের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
উল্লেখ্য, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (USIM) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM)-এর আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। সফরকালে তিনি দেশটির সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা, ভাষা শিক্ষা এবং একাডেমিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন।
সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্যের সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত ব্যক্তিগত সহকারী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশফাক আখতারও উপস্থিত ছিলেন।