কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান নেতাকর্মীরা।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেন। কর্মসূচি চলাকালে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চরম স্বৈরাচারী ও দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। ছাত্র-জনতার এই বিপ্লবের পরও নিষিদ্ধ সংগঠনের যে অপতৎপরতা আমরা দেখছি, এর বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান সব সময় সুস্পষ্ট।’
বিগত আমলে ছাত্রলীগের ব্যানারে যারা রাজনীতি করেছে এবং বর্তমানে ছাত্রশিবিরের শীর্ষ নেতৃত্বে যারা আছেন, তাদের সঙ্গে ক্যাম্পাসের আশপাশে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা চালানো ব্যক্তিদের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
কর্মসূচিতে জবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।