রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। দুই ঘণ্টা সেখানে তারা অবস্থান নেন। এসময় ক্যাম্পাসের বিনোদপুর গেট দিয়ে কেউ ঢুকতে বা বের হতে পারেনি।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের বিনোদপুর গেট সংলগ্ন সড়কে তারা অবরোধ করেন। এসময় তারা প্রক্টরের পদত্যাগ দাবি করেন।
অবরোধকালে "আয় রাবি দেখে যা রাজপথে তো বাপেরা", "প্রক্টরের দুই গালে জোতা মারো তালে তালে", "স্থানীয়দের এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন", "বিনোদপুরের এ্যাকশন ডাইরেক্ট এ্যাকশন" এমনসব স্লোগান দিতে থাকেন তারা।
এসময় রাজশাহী কলেজের শিক্ষার্থী সুজন বলেন, আমাদের ছোট ভাই শিমুল হত্যার বিচার চাই। যারা এই ঘটনার সাথে জরিত তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক এবং প্রক্টর স্যারের পদত্যাগ করতে হবে। এটাই আমাদের এক দফা এক দাবি। এই দাবি মানা না হলে আমরা প্রত্যেকদিন এই আন্দোলন চালিয়ে যাবো।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থী আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই শিক্ষার্থী কিভাবে মারা গেলো তা নিয়ে তৈরি হয়েছে ধোয়াসা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন দূর্ঘটনায় আহত হয়ে মারা গেছে শিমুল।
তবে শিমুলের সজনদের দাবি তাকে পিটিয়ে মারা হয়েছে। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বলছেন পোস্টমর্টেমের রির্পোট আসলে জানা যাবে মৃত্যুর কারন।