চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্র শিবিরের তিন দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এই প্রকাশনা উৎসব শুরু হয়।
প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের বিভিন্ন প্রকাশনা সামগ্রী ক্যালেন্ডার, স্টিকার, সায়েন্সেস ফিকশন বই, ইসলামী সাহিত্যসহ বিভিন্ন ধর্মীয় বই শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়।
ছাত্রশিবিরে এমন আয়োজনের প্রশংসা করে মো. রাকিব হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর ক্যাম্পাসগুলোতে ছাত্রশিবির যে শিক্ষা, বুদ্ধিবৃত্তিক এবং ক্যারিয়ার কেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। সকল ছাত্রসংগঠন যদি এমন বুদ্ধিবৃত্তিক উদ্যোগগুলো গ্রহণ করেন, তাহলে বাংলাদেশের আগামী দিনের ছাত্ররাজনীতিতে নতুন ধারা উন্মোচিত হবে।
শাখা ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ইয়াছিন মো. মুজতাহিদ বলেন, ছাত্রশিবির সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ প্রায় ১ যুগ আমরা ক্যাম্পাসে এমন প্রকাশ্যে কোন প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারেনি। ফ্যাসিস্ট হাসিনা সরকার সবসময় আমাদের ওপর জুলুম-নির্যাতন করেছে। ফলে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারেনি, তারাও আমাদের সম্পর্কে সঠিক ধারণা পায়নি।