হোম > শিক্ষা > ক্যাম্পাস

ছাত্রশক্তির কাউন্সিলে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি

প্রতিনিধি, ঢাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে গিফট বক্স বিতরণকে কেন্দ্র করে সংগঠনটির কর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাটি ভিডিও করতে গেলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ছাত্রশক্তির কর্মীদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। একপর্যায়ে এক মুজো সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্সিলের অনুষ্ঠান চলাকালে গিফট বক্স ও খাবার বিতরণকে কেন্দ্র করে ছাত্রশক্তির কয়েকজন কর্মীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এ সময় ঘটনাটি ভিডিও করতে উপস্থিত সাংবাদিকরা এগিয়ে গেলে ছাত্রশক্তির কয়েকজন কর্মীর সঙ্গে তাদেরও বাকবিতণ্ডা শুরু হয়। পরে কয়েকজন সাংবাদিকের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারমুখী আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী মুজো সাংবাদিক আজহারুল ইসলাম রাকিব বলেন, ‘গিফট বিতরণ নিয়ে মূলত ছাত্রশক্তির কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরে সাংবাদিকরা ঘটনাটি ভিডিও করতে গেলে ছাত্রশক্তির কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। কয়েকজন সাংবাদিকের সঙ্গে তারা মারমুখী আচরণ করেন এবং ফোন কেড়ে নেন।’

আরেক প্রত্যক্ষদর্শী মুজো সাংবাদিক জাহিদুল ইসলাম পাপ্পু বলেন, ‘ছাত্রশক্তির কর্মীরা এক মুজো সাংবাদিকের ফোন কেড়ে নেয়। পরে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। আমরা উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি।’

এদিকে কাউন্সিল চলাকালে দুই পক্ষের হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফিকে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করতে দেখা যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম বলেন, ‘কী ঘটেছে, আমার ঠিক জানা নেই।’

তবে সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার অভিযোগের বিষয়ে জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, ‘খাবার বিতরণ নিয়ে একটু ঝামেলা হয়েছিল, এটুকু শুনেছি। তবে কোনো সাংবাদিকের ফোন কেড়ে নেওয়া হয়েছে- এমন অভিযোগ আমাদের কাছে আসেনি।’

তিনি বলেন, ‘কোনো সাংবাদিকের ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে থাকলে, সেটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি সংগঠনের জায়গা থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

অন্যদিকে, ঘটনার ব্যাখ্যায় জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, বিকেলে গিফট বক্স বিতরণের সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। হঠাৎ মুজো সাংবাদিকরা ভিডিও করা শুরু করলে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘এটি স্রেফ ভুল-বোঝাবুঝি। আমরা ভবিষ্যতে সতর্ক থাকব।’

৬৩ বিদেশির পাসপোর্ট জমা রাখা সেই মহসিন গ্রেপ্তার

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা আদানির!

করমর্দন না করাটা জ্যোতির নিজস্ব সিদ্ধান্ত : বাবু

বাংলাদেশে নজর র’, আইএসআই, সিআইএ, এমআই৬, মোসাদের

নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বিসিবি

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রায়, নতুন চাপে ট্রাম্প

১৮ সেপ্টেম্বর থেকেই ফুটবল মৌসুম শুরু

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একই গ্রুপে কিংস ও মোহামেডান