জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’-এ সেরা অংশীজন স্মারক ও বিচারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধের অনুপ্রেরণায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে—এটা সত্যিই প্রশংসনীয়। এমন আয়োজন ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করবে।”
কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী খাদেজাতুল কোবরাকে দেওয়া হয় ‘সেরা অংশীজন স্মারক সম্মাননা’।
এছাড়া ‘সেরা বিচারক সম্মাননা’ প্রদান করা হয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ ও সহযোগী অধ্যাপক ড. ইব্রাহীম খলিল, বাংলা বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহি চৌধুরী এবং সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হাসানকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ। বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার ও অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মো. আতাউল গণি।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।