জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীকের ওপর হামলা চেষ্টা করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া বাজারে একটি দোকানে খাবার খাচ্ছিলেন শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদসহ কয়েকজন নেতাকর্মী। হঠাৎ মাস্ক পরা কয়েকজন এসে ছাত্রদল নেতাদের বহিষ্কারের কারণ জানতে চান। এসময় সেখানে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে ওয়াসিম আহমেদসহ তাঁর নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে শহীদ রফিক জব্বার হলসংলগ্ন চত্বরে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের গেরুয়া বাজারসংলগ্ন ফটকের পাশে শাখা ছাত্রদল থেকে সদ্য বহিষ্কার হওয়া বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনসহ কয়েকজনকে অবস্থান নিতে দেখা যায়।
কিছুক্ষণ পর ইকবাল হোসেনসহ ওই ব্যক্তিরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার দিকে চলে যান। এরপর সদস্যসচিব ওয়াসিম আহমেদের সঙ্গে থাকা নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হল ও পরিবহণ চত্বর ঘুরে আ ফ ম কামাল উদ্দিন হলের সামনে গিয়ে শেষ হয়।
ঘটনাস্থলে ওয়াসিম আহমেদের সাথে থাকা কয়েকজন ছাত্রদল নেতাকর্মী জানান, ইকবাল হোসেনের নেতৃত্বে বহিরাগতরা ওয়াসিম আহমেদের ওপর হামলার চেষ্টা করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইকবাল হোসেন। তিনি বলেন, আমরা গেরুয়া বাজারে আগে থেকেই অবস্থান করছিলাম। হঠাৎ হট্টগোল শুনে ঘটনাস্থলে এগিয়ে যাই। আমরা কারও ওপর হামলার চেষ্টা করিনি।
তবে হামলার চেষ্টাকারীরা ছাত্রলীগ দাবি করে ওয়াসিম আহমেদ বলেন, আমরা গেরুয়া বাজারে খাবার খাওয়ার সময় মুখোশ পরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাদের ওপর হামলার চেষ্টা করেন। তাঁরা ছাত্রলীগ হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে আমরা কারও মুখ দেখতে পাইনি। এই ঘটনার কিছুক্ষণ পর কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে শিক্ষার্থীরা ধরে পুলিশে সোপর্দ করেছে। এ জন্য আমরা ধারণা করছি আমাদের ওপর হামলা করার চেষ্টা ছাত্রলীগই করেছে। তবে আমরা তা প্রতিহত করে ক্যাম্পাসের ভেতরে চলে আসি।