ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না করে একের পর এক নদীর পানি আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অভিন্ন নদীগুলোর পানি আটকে রেখে বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে। এ পরিস্থিতিতে দেশের পানির ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদ আরও জোরালো করতে হবে।
সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সকল অভিন্ন নদীর প্রবাহের ন্যায্য অধিকার কায়েমের দাবিতে’ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি) এই গণসমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনাল (টিএসআই)।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও কার্যকর কোনো সমাধান আসেনি। ৫৫-৫৬ বছর ধরে অনেক আলাপ-আলোচনা হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। আমাদের তিস্তা নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে। অন্যদিকে টিপাইমুখ বাঁধ নিয়েও চক্রান্ত চলছে। এভাবে একের পর এক নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশকে সংকটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অবশ্যই থাকবে। তবে সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের ন্যায্য অধিকারও নিশ্চিত করতে হবে। কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার অর্থ নিজেদের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়া নয়। অভিন্ন নদীর পানির ন্যায্য অধিকার আদায়ে এখন প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে।
১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে সম্পাদিত চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম ৮০ শতাংশ পানি পাওয়ার একটি ‘গ্যারান্টি ক্লজ’ ছিল। কিন্তু ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তিতে সেই নিশ্চয়তার বিষয়টি বাদ দেওয়া হয়। পরবর্তী সময়ে করা ওই চুক্তিটি ছিল একটি ‘ফাঁকিবাজির চুক্তি’। এর ফলে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যাশিত নিশ্চয়তা পাওয়া যায়নি।
ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব প্রসঙ্গে রিজভী বলেন, শুধু বাংলাদেশের মানুষই নয়, ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাব নিয়ে ভারতের মধ্যেও উদ্বেগ রয়েছে। দেশটির প্রখ্যাত প্রকৌশলী কপিল ভট্টাচার্যও ফারাক্কা বাঁধের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। বর্তমানে গঙ্গার প্রবাহের গতিপথ পরিবর্তিত হওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলাও ঝুঁকির মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।
নদীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নদী শুধু পানির উৎস নয়; এর সঙ্গে একটি দেশের কৃষি, অর্থনীতি, পরিবেশ, জীববৈচিত্র এবং মানুষের জীবন-জীবিকা গভীরভাবে জড়িত। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে তার বহুমাত্রিক প্রভাব পড়ে। তাই অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়কে জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করতে হবে।
মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ স্মরণ করে রিজভী বলেন, পানির ন্যায্য অধিকার আদায়ে ভাসানী যে প্রতিবাদী ভূমিকা পালন করেছিলেন, তা বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষায় তাঁর সেই সংগ্রামী চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।