ঈদের ছুটিতে যখন নিস্তব্ধ পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস, তখন এক ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
গতকাল বুধবার ফাঁকা ক্যাম্পাসজুড়ে ঘুরে বেড়ানো অভুক্ত ও অসহায় কুকুর-বেড়ালদের মুখে খাবার তুলে দেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় এই উদ্যোগের নেতৃত্ব দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে দাঁড়িয়ে শাহরিয়ার নিজ হাতে রুটি খাওয়াচ্ছেন ক্ষুধার্ত প্রাণীগুলোকে। ক্যাম্পাসের আনাচে-কানাচে ছুটে বেড়ানো অবলা প্রাণীদের প্রতি তাঁর এই সহানুভূতিশীল আচরণ উপস্থিত সবার নজর কাড়ে।
এ বিষয়ে শাহরিয়ার হোসেন বলেন, ‘ক্যাম্পাসে প্রায়ই দেখি অনেক কুকুর-বিড়াল না খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের কষ্ট আমাকে নাড়া দেয়। তাই তাদের খাওয়ার ব্যবস্থা করেছি। আমাদের সবারই উচিত এসব অবলা প্রাণীর পাশে দাঁড়ানো।’
এই উদ্যোগ সম্পর্কে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। আমরা চাই ক্যাম্পাসে মানবিক পরিবেশ গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, সহমর্মিতা ও দায়িত্ববোধেও এগিয়ে থাকবে।’
ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমাদের ইউনিটের নেতাকর্মীরা সবসময় অবলা প্রাণীদের প্রতি সচেতন। আমাদের দেখে অন্য সংগঠনগুলোও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসবে—এমনটাই বিশ্বাস করি।’
তীব্র গরমে এবং খাদ্য সংকটে যখন পথপ্রাণীরা নিস্তেজ হয়ে পড়ছে, ঠিক তখন জবি ছাত্রদলের এই উদ্যোগ প্রাণীপ্রেমীদের কাছে আশার আলো হয়ে উঠেছে। শিক্ষার্থীদের মধ্যেও ইতোমধ্যে এমন মানবিক কাজের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবলা প্রাণীদের প্রতি এমন ভালোবাসাপূর্ণ দৃষ্টান্ত নিঃসন্দেহে অন্যদেরও অনুপ্রাণিত করবে—এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।