ঈদ মানেই ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ। তবে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে এ আনন্দ অনেক সময়ই অনুপস্থিত থাকে। সেই বৈষম্যের দেয়াল ভেঙে তাদের মুখেও ঈদের হাসি ফোটানোর প্রত্যয়ে ইউনাইটেড নেশনস ইয়ুথ এ্যান্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব)-এর রাজশাহী ডিভিশন আয়োজন করতে যাচ্ছে ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৬’।
ইতিমধ্যে ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৪ মার্চ পর্যন্ত। আগামী ৬ মার্চ শিশুদের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং মানবিক দায়বদ্ধতা থেকে জন্ম নেওয়া একটি সমন্বিত সামাজিক কর্মসূচি, যার লক্ষ্য রাজশাহী শহরের ছিন্নমূল ও অবহেলিত শিশুদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া। কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে, যাতে তারাও ঈদের উৎসবে সমানভাবে অংশ নিতে পারে।
ইতোমধ্যে ইউনিস্যাবের স্বেচ্ছাসেবীরা রাজশাহীর বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে উপকারভোগী শিশুদের তালিকা প্রণয়ন করেছেন, যাতে সহায়তা কার্যক্রম সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। এই উদ্যোগ সফল করতে ফান্ডিং, ক্রাউডফান্ডিং এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইউনিস্যাবের নিবন্ধিত সদস্য, অ্যালামনাই ও শুভাকাঙ্ক্ষীদের এ মানবিক প্রয়াসে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের রিজিওনাল সেক্রেটারি রাশাদুজ্জামান রাকিব জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজশাহীর তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন’ আমাদের একটি সিগনেচার মানবিক উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার জন্য। সেই বিশ্বাস থেকেই রাজশাহীর অবহেলিত পথশিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এ প্রচেষ্টা।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এবারও কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে। এ উদ্যোগ বাস্তবায়নে রাজশাহীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহায়তা কামনা করা হয়েছে।
মানবিক এই উদ্যোগে অনলাইনের মাধ্যমে সরাসরি সহযোগিতা করা যাবে নিম্নোক্ত মাধ্যমে—
বিকাশ / নগদ / রকেট: ০১৭২৯৩৬৬৬৮৬
ব্যাংক তথ্য:
অ্যাকাউন্ট হোল্ডার: গোপাল চন্দ্র শীল
অ্যাকাউন্ট নম্বর: ০২০০০২১৩৫৯০৭৩
ব্যাংক: অগ্রণী ব্যাংক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা