ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার সকালে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা ও গবেষণা খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
ঢাকাস্থ জাইকার কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা মিস সায়েরি মুটোর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, ফিনটেক, পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণাই ভবিষ্যৎ উন্নয়নের প্রধান চালিকাশক্তি। সময়ের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়কে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণাকেন্দ্রিক কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইতোমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।