ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের একাংশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা ‘শিক্ষা, ঐক্য, প্রগতি—ছাত্রদলের মূলনীতি’, ‘সন্ত্রাসীদের আস্তানা, জগন্নাথে হবে না’ এবং ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’—এসব স্লোগান দেন।
মিছিল শেষে ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার অভিযোগ করে বলেন, একটি মহল ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।
তিনি বলেন, শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, সহিংসতা ও দখলদার রাজনীতির কোনো স্থান নেই।
প্রতিবাদ মিছিলে নেতারা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকারও আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান ও প্রতীক হোড়ে।
এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য মিঠু আলী, মাসফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম, নিয়ন, রিয়াদ, নাইম, সাদিক, আহাদ, মুগ্ধ, আশরাফুল, মিথীল, সৌরভ, আকরাম, ফয়সাল, মুশফিক, সাকিব, আসিফসহ আরও অনেকে।