হোম > শিক্ষা > ক্যাম্পাস

আমি এমন কোনো অপরাধ করিনি যে এভাবে শোকজ করতে হবে

ভিডিও বার্তায় শেখ তানভীর বারী হামিম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেওয়া হয়। পরে দিবাগত রাত প্রায় ১২টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় শোকজের জবাব দেন তিনি।

শোকজ নোটিশে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

ভিডিও বার্তায় শেখ তানভীর বারী হামিম বলেন, তিনি এখনো পর্যন্ত জানেন না কেন তাকে শোকজ করা হয়েছে। শোকজ পত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে দেশজুড়ে বিভিন্ন শিক্ষার্থী ও নেতাকর্মী তাকে ফোন করে কারণ জানতে চাইছেন বলে জানান তিনি।

হামিম দাবি করেন, শোকজ পাওয়ার পরপরই তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে ফোন করে কারণ জানতে চান। তার ভাষ্য অনুযায়ী, দপ্তর সম্পাদক তাকে জানান যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে নোটিশটি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন।

পরে তিনি জানতে পারেন, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করার কারণেই তাকে শোকজ করা হয়েছে। ভিডিও বার্তায় হামিম বলেন, ব্যক্তিগত উদ্যোগে তিনি ওই আয়োজন করেন। এতে প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ছাত্রদল তার প্রাণের সংগঠন এবং অতীতে ডাকসু নির্বাচনে তাকে জিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের ভোটে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোট পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, রমজান উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ইফতারের আয়োজন করেছিলেন।

শেখ তানভীর বারী হামিম আরও বলেন, ‘তারা আমাকে লিখিত জবাব দিতে বলেছে। আমি চাইলে দিতে পারতাম। কিন্তু আমি লিখিত জবাব দেব না। আমাকে ব্যক্তিগতভাবে কোনো শোকজপত্র দেওয়া হয়নি। নিশ্চয়ই আমি এমন কোনো বড় অপরাধ করিনি যে আমাকে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজ করতে হবে।’

তবে তিনি এ-ও বলেন, তার এই উদ্যোগে যদি সংগঠনের কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা যদি মনে করেন আমি অন্যায় করেছি, তাহলে সেই অন্যায় মাথা পেতে নিচ্ছি এবং ক্ষমা প্রার্থনা করছি।’

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি

দেশজুড়ে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ মিছিল

সিমাগো র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে শীর্ষ দশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা হামিমকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

সারা দেশে ধর্ষণ-হত্যার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ মিছিল

ধর্ষকদের বিচারে অগ্রগতি না হলে গণআন্দোলন গড়ে তোলা হবে

মধ্যরাতে নতুন কর্মসূচি ঘোষণা দিল ডাকসু

রাবি ক্যাম্পাসে খোলা আকাশের নিচে সম্প্রীতির ইফতার

এবার শিবিরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ জকসুর সেই নেতার