হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ৫ লাখ টাকা সহায়তার ঘোষণা

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (২৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

লালমনিরহাটের শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এরকম একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা লেখাপড়া করছ বা করতে যাচ্ছ—এ কারণে আমি তোমাদের জন্য গর্বিত। আগামী দিনে লালমনিরহাটকে তোমরাই নেতৃত্ব দেবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে। সঠিকভাবে পড়াশোনা শেষ করতে পারলে তারাই আগামী দিনে লালমনিরহাটের নেতৃত্ব দেবে।

লালমনিরহাটের ঐতিহ্য ও সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান আসাদুল হাবিব দুলু। ভাওয়াইয়া গান ও রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষার ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে শিক্ষার্থীদের কোনো সংকোচ থাকা উচিত নয়। বরং ঐতিহ্য ও সংস্কৃতির গৌরব ধারণ করে তা সবার সামনে তুলে ধরতে হবে।

শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের সময় লালমনিরহাটের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

লালমনিরহাটের নারী শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন তিনি।

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ট্রেনটি বুড়িমারী পর্যন্ত নিতে নতুন ইঞ্জিন ও কোচ প্রয়োজন। এ বিষয়ে নতুন টেন্ডার হয়েছে এবং ট্রেনটি চালুর বিষয়টি অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ সময় লালমনিরহাটকে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, “সবাইকে মিলে আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে হবে।” এ আন্দোলনে শিক্ষার্থীদেরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও বিভিন্ন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “তোমরা আমার কাছে যাবে, আমার দরজা সবসময় খোলা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম (আকাশ)।

শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল

পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি

রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে বদলি

এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

প্রত্যেকটি গুমের ঘটনা গুরুত্ব দিয়ে বিচার নিশ্চিত করা হবে: চিফ প্রসিকিউটর

গোপালগঞ্জে দুই মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

উচ্চশিক্ষার সনদ পেলেই প্রকৃত শিক্ষা হয় না: চট্টগ্রামের ডিসি

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

বিএনপির সংরক্ষিত নারী এমপিদের বিরোধীদলের আসনে অতিরিক্ত দায়িত্ব দেওয়া অসাংবিধানিক