হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

স্টাফ রিপোর্টার

উচ্চশিক্ষা ও গবেষণায় চৌর্যবৃত্তি (প্লেজিয়ারিজম) প্রতিরোধে সার্বজনীন অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার কমিশনের অডিটোরিয়ামে খসড়া অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালার ওপর অংশীজনদের মতামত গ্রহণের উদ্দেশ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এ কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স (এসপিকিউএ) বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার।

এ সময় অধ্যাপক মাছুমা হাবিব বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আলাদাভাবে অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়গুলো বিছিন্নভাবে এসব নীতিমালা বাস্তবায়ন করছে। ইউজিসি’র উদ্যোগে কেন্দ্রীয়ভাবে একটি নীতিমালা তৈরি করা হলে তা সবার জন্য অভিন্ন নির্দেশনা হিসেবে কাজ করবে।

তিনি বলেন, এ নীতিমালা বিশেষ করে নবীন গবেষকদের জন্য সহায়ক হবে। এর মাধ্যমে সাইটেশন, তথ্য-উপাত্ত ব্যবহারের নিয়মসহ গবেষণার নৈতিক দিকগুলো সম্পর্কে গবেষকরা পরিষ্কার ধারণা পাবেন। এটি গবেষণায় চৌর্যবৃত্তি রোধ এবং এ বিষয়ে সচেতনতা বাড়াবে বলে তিনি মনে করেন।

ইউজিসির এ সদস্য আরো বলেন, দেরিতে হলেও ইউজিসি অ্যান্টি-প্লেজিয়ারিজম নীতিমালা বিষয়ে কাজ করছে। এজন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অংশীজনদের মতামত নীতিমালাটিকে সার্বজনীন ও বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য করে তুলবে বলে তিনি মনে করেন।

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অধ্যাপক মাছুমা হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের নীতি-নৈতিকতার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। নৈতিক শিক্ষা নিয়ে শিক্ষকেরা শিক্ষার্থীদের সামনে দাঁড়ালে গবেষণায় চৌর্যবৃত্তি হবে না বলে তিনি মনে করেন।

ড. দুর্গা রানী সরকার বলেন, উচ্চশিক্ষায় একাডেমিক ও গবেষণা প্রতিবেদন তৈরির ক্ষেত্রে চৌর্যবৃত্তি প্রতিরোধে ইউজিসি একটি নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। খসড়া নীতিমালা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, প্রশাসক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এসব মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী এনে নীতিমালাটি চূড়ান্ত করা হবে।

এসপিকিউএ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় ২১টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ ইউজিসির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার ই্উজিসির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

স্বপ্নপূরণে আন্তর্জাতিক ফেলোশিপ

তুরস্ক প্রতিনিধিদলের সঙ্গে প্রাথমিক শিক্ষার উন্নয়ন বিষয়ে আলোচনা

কলেজ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

সাংবাদিক কাজী মেহেদী হাসানের যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি লাভ

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন রাবিপ্রবির দুই শিক্ষক

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান হাই কমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার প্রধান ৫টি কারণ