হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

ঢাবির কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

মঙ্গলবার (১৮ মার্চ থেকে কার্যকর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় শূন্য পদে ড. আবুল কালাম সরকারকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ১৮ মার্চ থেকে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত (যেটি আগে ঘটে) তিনি এ দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. আবুল কালাম সরকার ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ফারসি ও উর্দু বিভাগ থেকে ফারসি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) এবং ২০০০ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায়ই তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। স্নাতকে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি অ্যাটর্নি আলমগীর স্বর্ণপদক লাভ করেন এবং কলা অনুষদে প্রথম হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বৃত্তি অর্জন করেন। এছাড়া স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি ডক্টর আবেদা হাফিজ স্বর্ণপদক লাভ করেন।

তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং বর্তমানে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তিনি ‘বাংলা অনুবাদে ফারসি সাহিত্যচর্চা ১৯৭১–২০০৫’ শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১২ সালে ইরান সরকারের বৃত্তি নিয়ে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফারসি ভাষায় উচ্চতর কোর্স সম্পন্ন করেন।

গবেষণায় অবদানের জন্য তিনি উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছেন। তার রচিত ‘বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য ১৯৭১–২০০৫’ গ্রন্থটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ হিসেবে নির্বাচিত হয়। এর জন্য তিনি ২০১৮ সালে ‘ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ লাভ করেন।

এছাড়া তার আরেকটি গ্রন্থ ‘তাঙ্গেশেকার দার বাংলাদেশ’ ইরানের আল্লামা তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) অংশ হিসেবে প্রকাশিত হয়। বিদেশে প্রকাশিত গ্রন্থ ক্যাটাগরিতে এটি শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ নির্বাচিত হওয়ায় তিনি ২০২৫ সালেও একই পুরস্কার অর্জন করেন।

অধ্যাপক সরকার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যে তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ৫০টিরও বেশি আন্তর্জাতিক সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং দেশি-বিদেশি জার্নালে তার ৫৩টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ঢাবির নতুন ভিসি কে এই অধ্যাপক ওবায়দুল

গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে ইউজিসি

রমজানে নিম্নমানের খাবার বেশি দামে খাচ্ছেন শিক্ষার্থীরা

কানাডা ও বাংলাদেশের শিক্ষা সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা

বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্পূর্ণ গাইড

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ পর্যালোচনা করবে সরকার

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে

ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি

ইউজিসি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড পেলেন ড. ফুয়াদ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি