রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ‘৪র্থ হিফয কনভোকেশন ২০২৬’। শনিবার উত্তরা ১৭ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবনের নূরুল কাদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, আলেম-উলামা এবং দেশি-বিদেশি শিক্ষা সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বছর রূহ ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচ শিক্ষার্থী—সাইয়েদ মোহাম্মদ আব্দুল্লাহ, এস. কে. তানজিম আলম জাকি, মাহদি হাসান চৌধুরী, মো. রুবিউল হাসান এবং ফাহমিদ শাহরিয়ার তাম্মাম—ইন্টারন্যাশনাল কারিকুলামে ইংরেজি মাধ্যমে পড়াশোনার পাশাপাশি পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেছে। তাদের এই গৌরবময় অর্জনের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
রূহ ইন্টারন্যাশনাল স্কুলের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ২০ জনের বেশি শিক্ষার্থীর হিফজুল কুরআন সম্পন্ন করা। এ ছাড়া প্রতিষ্ঠানটির চার শিক্ষার্থী মিসরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আজহার প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পেয়েছে। তারা বর্তমানে সেখানে অধ্যয়ন করছে। সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজ সম্পন্ন করা এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জনের সুযোগ পাওয়া প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্র্যান্ড রিসাইটার ও বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিয়ারসন এডেক্সেল, বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুস সাকিব আহমেদ; ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নাকিব হায়দার; যুক্তরাষ্ট্রের হ্যালিবার্টন কোম্পানির পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ম্যানেজার নাজমুল এইচ. গাজী; অক্সফোর্ড এ-কিউ-এ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর মো. শাহীন রেজা এবং নিই হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মুনাইম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী বলেন, পবিত্র কুরআন হিফজ করা একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত মর্যাদাপূর্ণ অর্জন। তবে কুরআনের শিক্ষা কেবল মুখস্থ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর আদর্শ ও শিক্ষাকে জীবনে ধারণ করাই প্রকৃত সাফল্য। শিশুদের ছোটবেলা থেকেই কুরআন ও নৈতিক শিক্ষার সঙ্গে যুক্ত করার এমন উদ্যোগ প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে রূহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মুনাইম বিল্লাহ বলেন, আমরা বিশ্বাস করি, একটি সন্তানের হাতে পবিত্র কুরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞান—দুটিই তুলে দেওয়া সম্ভব। রূহ ইন্টারন্যাশনাল স্কুল সেই লক্ষ্য নিয়েই কাজ করছে। আমরা শুধু হাফেজ বা ভালো ফলাফল করা শিক্ষার্থী তৈরি করতে চাই না; বরং কুরআনের আলো, নৈতিকতা ও আন্তর্জাতিক মানের শিক্ষায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের ২০ জনের বেশি শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছে এবং চারজন শিক্ষার্থী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রি-আজহার প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পেয়েছে। এই অর্জন আমাদের লক্ষ্য বাস্তবায়নে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী এ আয়োজনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি তাদের পরিবার ও শিক্ষকদের অবদানও বিশেষভাবে তুলে ধরা হয়।
উল্লেখ্য, রূহ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের প্রথম পূর্ণকালীন হিফজভিত্তিক ইংলিশ মিডিয়াম স্কুল। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক কারিকুলাম অনুসরণের পাশাপাশি সাধারণ শিক্ষা, পূর্ণকালীন হিফজুল কুরআন, আরবি ভাষা শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রমী শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি প্রজন্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য, যারা কুরআনের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের যোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠিত করতে পারবে।
এআরবি