মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে গত কয়েক সপ্তাহে আকাশপথে যাতায়াতে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে। এতে অনেক প্রবাসী ছুটিতে দেশে গিয়ে ফিরতে না পারায় তাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এমন সংকটে থাকা প্রবাসীদের সুখবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) এক বিশেষ ঘোষণা জারি করেছে। যেখানে জানানো হয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও বিশেষ অনুমতি ছাড়াই আমিরাতে ফিরতে পারবেন প্রবাসীরা।
আইসিপির নতুন নির্দেশনা অনুযায়ী, যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এখন নতুন কোনো ‘এন্ট্রি পারমিট’ বা বিশেষ প্রবেশ অনুমতি ছাড়াই সরাসরি আমিরাতে ফেরার সুযোগ পাবেন। এই বিশেষ সুবিধাটি গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
মূলত প্রশাসনিক জটিলতা কমিয়ে প্রবাসীদের কর্মস্থলে ফেরার পথ সুগম করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। যারা বৈধ রেসিডেন্সি ভিসা থাকা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে আটকে পড়েছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন।
এছাড়া জনসাধারণকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আমিরাত কর্তৃপক্ষ।