বাংলাদেশে চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা সিডনি ও মেলবোর্নসহ বিভিন্ন শহরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় সিডনির লাকেম্বায় ‘জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া’র উদ্যোগে এক দোয়া অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি সমবেত হন। অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অভ্যুত্থান নিয়ে নির্মিত কিছু তথ্যচিত্র দেখানো হয় এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র মইনুল ইসলাম ফাহিমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
পার্লামেন্টে আলোচনা সভা
একই দিন সকালে এনএসডব্লিউ পার্লামেন্ট হাউজে ‘বর্ষা বিপ্লবের’ বর্ষপূর্তি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ‘অস্ট্রেলিয়ান গ্রিনস পার্টির’ নেতা ফেডারেল সিনেটর ডেভিড শুব্রিজ এবং লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য মিজ এবিগেইল বয়েড এমএলসি-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সিনেটর শুব্রিজ গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানান।
মেলবোর্নে স্মরণ ও প্রতিবাদ
একই দিন সন্ধ্যায় মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে ‘জুলাই স্পিরিট মেলবোর্ন’ সংগঠনের ব্যানারে প্রবাসীরা গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করেন।
‘জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়া’ আগামী ১০ আগস্ট লাকেম্বার পেরি পার্কে দিনব্যাপী আরেকটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এতে সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের স্মরণ, নাটক ও গান পরিবেশিত হবে। এছাড়াও, বিএনপি অস্ট্রেলিয়া আগামী ৯ আগস্ট সন্ধ্যায় লাকেম্বায় একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।