অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ দিতে চালু থাকা ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’ (পিআরএম ২.০)-এর মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কর্মসূচিটির কার্যকারিতা মূল্যায়নের ভিত্তিতে এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এই সাধারণ ক্ষমার মেয়াদ ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি ১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। কসমো অনলাইন ও ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।
ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, ১৯ মে ২০২৫ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই কর্মসূচির আওতায় ১১২টি দেশের মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন । এই প্রক্রিয়া থেকে মালয়েশিয়া সরকার মোট ১২৭ মিলিয়ন রিঙ্গিত কম্পাউন্ড আদায় করেছে ।
এই কর্মসূচির অধীনে অবৈধভাবে প্রবেশকারী বা ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য ৫০০ রিঙ্গিত এবং ভিসার শর্ত লঙ্ঘনকারীদের জন্য ৩০০ রিঙ্গিত কম্পাউন্ড বা জরিমানা নির্ধারণ করা হয়েছে । এছাড়া, দেশে ফেরার অস্থায়ী দলিল হিসেবে ‘বিশেষ পাস’ ইস্যু করার জন্য প্রতিবার ২০ রিঙ্গিত ফি দিতে হবে।
সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ানোর পাশাপাশি ইমিগ্রেশন বিভাগ দেশজুড়ে সমন্বিত অভিযান ও নজরদারি জোরদার করার ঘোষণা দিয়েছে । অভিবাসন আইন লঙ্ঘনকারী এবং তাদের আশ্রয়দাতা বা নিয়োগকর্তাদের চিহ্নিত করে গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও আইনের শাসনের স্বার্থে অভিবাসন ব্যবস্থাপনা কঠোর ও স্বচ্ছভাবে পরিচালনায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।
কঠোর আইনি পদক্ষেপ শুরু হওয়ার আগেই সব অবৈধ অভিবাসীকে এই সুযোগ কাজে লাগিয়ে আইনানুগ পথে নিজেদের পরিস্থিতি সমাধান করার আহ্বান জানানো হয়েছে ।
এলআর