ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসে শিক্ষা, গবেষণা, নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদান রাখা ২৪ জন কৃতী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শনিবার অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ইন মালয়েশিয়া ২০২৬’।
এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের সাফল্য, মেধা ও সামাজিক অবদানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়। অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, নারী নেত্রী ও কমিউনিটি ব্যক্তিত্বদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।
আয়োজকদের মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ইতিবাচক অবদানকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ উপলক্ষে বিশ্বের শীর্ষ ১ থেকে ২ শতাংশ সর্বাধিক উদ্ধৃত (সাইটেড) বিজ্ঞানী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকদেরও বিশেষভাবে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মঞ্জুরুল করিম খান চৌধুরী। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশিদের সাফল্য ও অর্জন কেবল ব্যক্তিগত গৌরবের বিষয় নয়; বরং তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এবারের আয়োজনে চারটি ক্যাটাগরিতে মোট ২৪ জনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স’ বিভাগে ৯ জন শিক্ষক ও গবেষক, ‘স্টুডেন্ট এক্সিলেন্স’ বিভাগে ৯ জন মেধাবী শিক্ষার্থী, ‘উইমেন এম্পাওয়ারমেন্ট’ বিভাগে ৪ জন নারী নেত্রী এবং ‘কমিউনিটি এনগেজমেন্ট’ বিভাগে ২ জন কমিউনিটি ব্যক্তিত্ব পুরস্কার লাভ করেন।
মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য ও অঞ্চল কুয়ানতান, কেলান্তান, জোহর বাহরু, মালাক্কা, সাবাহ, সারাওয়াক ও পেনাংসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রবাসে বাংলাদেশের সাফল্যের গল্প বিশ্বমঞ্চে তুলে ধরার এ উদ্যোগকে এরই মধ্যে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।