দেশের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বামী মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে নেন তিনি। এরপর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি ও অফিশিয়াল পেজ—কোনোটিই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন ন্যান্সি। সেই পোস্টে একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির কথা উল্লেখ করে তিনি লিখেছিলেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পোস্টে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের কাছে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছিলেন এই কণ্ঠশিল্পী। পাশাপাশি জীবনের নতুন অধ্যায় শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করার প্রত্যাশাও ব্যক্ত করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার দুপুরের দিকে পোস্টটি পেজ থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি তার আইডি ও পেজ নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভেট) বা আড়াল হয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেন ও ভক্তরা নিজেদের উদ্বেগ ও কৌতূহলের কথা জানাচ্ছেন। অনেকেরই প্রশ্ন, বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরপরই কেন পোস্টটি মুছে ফেলা হলো এবং কেনই-বা গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিলেন? তবে পোস্ট মুছে ফেলা কিংবা ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে না পাওয়ার বিষয়ে ন্যান্সি বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী বরাবরই তার স্পষ্টভাষী স্বভাবের জন্য পরিচিত। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে নিয়মিত গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। এর আগে মাত্র কয়েক সপ্তাহ আগেই স্বামী মহসীন মেহেদীর সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন ন্যান্সি, যার ক্যাপশনেও ছিল ভালোবাসার প্রকাশ। সেই ছবির দুই সপ্তাহ না পেরোতেই বিচ্ছেদের ঘোষণা এবং পরবর্তীতে ফেসবুক থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে গীতিকার ও সংগীত প্রযোজক মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। পরের বছরের জুনে তাদের সংসারে জন্ম নেয় এক কন্যাসন্তান। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেছিলেন তিনি; সেই সংসারে জন্ম নেয় কন্যা রোদেলা। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি এবং সেই সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে দ্বিতীয় সংসারের বিচ্ছেদের খবর জানিয়েছিলেন এই গায়িকা।
তৃতীয় সংসারের বিচ্ছেদ ঘিরে এমন আকস্মিক ঘোষণা, পোস্ট প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আড়ালে চলে যাওয়ার ঘটনায় ভক্ত-অনুরাগীদের দৃষ্টি এখন ন্যান্সির পরবর্তী আনুষ্ঠানিক বক্তব্যের দিকে।