হোম > বিনোদন > নাটক

আসছে সাদিয়া আয়মানের মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মতো নির্মিত হয়েছে পূর্ণাঙ্গ মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। মোবাইল-ফার্স্ট দর্শকদের কথা মাথায় রেখে নির্মিত এ সিরিজটি তৈরি হয়েছে সম্পূর্ণ ভার্টিক্যাল ফরম্যাটে, যেখানে প্রতিটি পর্বের দৈর্ঘ্য মাত্র তিন মিনিট। নতুন প্রজন্মের কনটেন্ট দেখার অভ্যাসের সঙ্গে তাল মিলিয়ে নির্মাণ করা হয়েছে এটি।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় সিরিজটির বিশেষ ভার্টিক্যাল স্ক্রিনিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, মিডিয়া ইন্ডাস্ট্রির পেশাজীবী, আমন্ত্রিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা।

সিরিজটি প্রযোজনা করেছে মায়ের দোয়া স্টুডিওস। পরিচালনা করেছেন মিরাজ হোসেন। এ প্রসঙ্গে নির্মাতা জানান, ‘সিলভার সাদিয়া’র গল্পে উঠে এসেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসাপড়ুয়া তরুণীর জীবন, যার ভেতরে গোপনে বেড়ে ওঠে গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। মায়ের নীরব সমর্থনে সে ইউটিউবে লাইভ স্ট্রিমিং শুরু করে এবং ধীরে ধীরে তৈরি করে নিজস্ব দর্শকগোষ্ঠী। কিন্তু একসময় সেই গোপন সত্য বাবার সামনে প্রকাশ পেলে শুরু হয় বাবা-মেয়ের মুখোমুখি অবস্থান। পরিবার, দূরত্ব এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার গল্প নিয়েই এগিয়ে যায় সিরিজটি।

ছোট পরিসরে গল্প বলার এই নতুন প্রয়াসকে বাংলাদেশের ডিজিটাল বিনোদন অঙ্গনের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সহপ্রযোজক ও সিরিজটির ক্রিয়েটর পুলক অনিল বলেন, ‘একেবারে নতুন একটি ধারণা নিয়ে কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জ এসেছে। সীমাবদ্ধতা ছিল, ভুলত্রুটিও ছিল। তবে এই যাত্রা আমাদের অনেক কিছু শিখিয়েছে। ভবিষ্যতে আমরা আরো ভালো কাজ করতে চাই।’

সিরিজটির ক্রিয়েটিভ প্রডিউসার আদনান আল রাজীব বলেন, ‘এটি ছিল ভীষণ রোমাঞ্চকর ও ব্যতিক্রমী একটি কাজ। এই ফরম্যাটের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে এখান থেকে অনেক গল্প জন্ম নিতে পারে।’

সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, অ্যালেন শুভ্র, ফারজানা ছবি ও কামরুজ্জামান তপু। এছাড়া একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইকে।

সজল আহমেদের রচনায় ‘হিয়ার মাঝে’

ঈদে আসছে অপূর্বর লেখা গল্পে নাটক

ঈদে আসছে অহনা-রাশেদের ‘প্রবাসী বউ’

পথের গল্প নিয়ে আসছে ইয়াশ-বহ্নি

হৃদয়স্পর্শী গল্প নিয়ে নাটক ‘মা তুমি কোন আকাশে থাকো’

দেড় ঘণ্টার মেগা পর্বে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

শেষ হচ্ছে দর্শকপ্রিয় নাটক ‘এটা আমাদের গল্প’

‘চক্র ২’-এ তৌসিফ মাহবুবের রাজত্ব

প্রকাশ্যে শেখ সাদী-মাহির প্রথম নাটক