বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী উৎসব’-এ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এই উৎসবে বাংলাদেশের কোনো চলচ্চিত্র প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করল।
প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের সর্বপ্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান রাশিয়ার বিখ্যাত ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই ঐতিহাসিক উৎসবের ৪৬তম আসরে লড়বে ছবিটি। আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার মস্কোতে এই উৎসব অনুষ্ঠিত হবে।
গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত হয়েছে ‘নিশি’। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।
এই আন্তর্জাতিক অর্জন নিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, “বাংলা সিনেমার ইতিহাসে ‘নিশি’ একের পর এক রেকর্ড গড়ছে, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয়, আমাদের ফিল্মের ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।”
উল্লেখ্য, এর আগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জিতেছিল ‘নিশি’। এছাড়া গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার জিতে দেশের নাম উজ্জ্বল করেছিল স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি।