হোম > বিনোদন > চলচ্চিত্র

প্রকাশিত হলো ‘রইদ’-এর প্রথম গান, মুক্তি ঈদে

বিনোদন রিপোর্টার

আন্তর্জাতিক অঙ্গনে অভাবনীয় সাফল্যের পর এবার দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমা হলে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিতে প্রকাশিত হয়েছে ‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামের গানটি। গ্রামবাংলার শেকড়সন্ধানী সুর ও ভিন্নধর্মী গায়কীর কারণে গানটি ইতোমধ্যেই উপস্থিত অতিথি ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গানটির কথা, মৌলিক সুর এবং কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান শিল্পী রাজীব আহমেদ রাজু।

অন্যদিকে, গানটির সঙ্গীত পরিচালনা, চূড়ান্ত প্রযোজনা এবং মিক্স ও মাস্টারিংয়ের মতো গুরুত্বপূর্ণ কারিগরি কাজগুলো অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন করেছেন রাশীদ শরীফ শোয়েব। গানটির সার্বিক অডিও প্রোডাকশন এবং শব্দবিন্যাসের দায়িত্বে ছিল অডিও প্রতিষ্ঠান ‘স্টুডিও কাউবেল’। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা গানটির ব্যতিক্রমী সুর, হৃদয়স্পর্শী কথা এবং রাজীব আহমেদ রাজুর দরদি গায়কীর ভূয়সী প্রশংসা করেন।

চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ সিনেমাটি মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান, যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। ঈদুল আযহায় সিনেমাটির সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে, যার কথা ও সুর করেছেন ‘সহজিয়া’ ব্যান্ডের রাজু এবং সঙ্গীতায়োজনে ছিলেন রাশিদ শরীফ শোয়েব। গানটি ‘রইদ’ শুটিংয়ের অনেক আগে, প্রায় এক বছর আগে আমি আর রাজু ভাই এটার অনেকদিন ধরে এটা নিয়ে কথা বলছিলাম, আজকে এসে সেই গানটা শেষ হলো। তাই এই গানটা দিয়েই আসলে রইদের যাত্রাটা শুরু হলো বলা যায়। গানের সুরের মতোই ‘রইদ’-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।’

অভিনেত্রী নাজিফা তুষি গানটি সম্পর্কে বলেন, ‘রইদ-এর প্রথম গান মুক্তি পাওয়া নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। রাজু ভাইয়ের কণ্ঠ ও শোয়েব ভাইয়ের অসাধারণ কম্পোজিশনের এই গানটি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয়। কোভিডের আগে থেকে আইডিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুটিং পর্যন্ত দীর্ঘ এক বছরের প্রস্তুতি— সবই আমার চোখের সামনে ঘটেছে। বিশেষ করে সিলেটে শূন্য থেকে একটি পূর্ণাঙ্গ লোকেশন বা বাড়ি তৈরি হওয়ার প্রতিটি ধাপ আমি প্রত্যক্ষ করেছি। 'পাগলি' চরিত্রে অভিনয় করার সুবাদে এই যাত্রায় গ্রামবাসীও আমাদের টিমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন। এতদিন যে আবেগ আমরা লালন করেছি, এখন তা দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে, এই প্রাপ্তির অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।’

উল্লেখ্য, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এর মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়ে ইতোমধ্যেই ইতিহাস গড়েছে ‘রইদ’।

দেশের শীর্ষস্থানীয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্‌ম ও প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ এবং ফেসকার্ড প্রোডাকশন-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি এখন দেশের দর্শকদের মন জয় করতে প্রস্তুত। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়ানোর পর দেশের দর্শকদের বিশাল পর্দায় এই সিনেমা দেখার সুযোগ করে দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আগামী ঈদুল আজহা-র উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী সবকটি বড় প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘রইদ’।

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসবে যুবরাজের ‘অতল’

যুক্তরাষ্ট্র কাঁপাচ্ছে ‘দম’ লন্ডনের পথে ‘প্রেশার কুকার’

ছয় বছরের প্রস্তুতি শেষে শুরু হলো নুহাশের সিনেমা

বিদেশে তৈরি হচ্ছে বাংলা সিনেমার বাজার

৩ কোটির ঘরে ‘বনলতা এক্সপ্রেস’

নূরের সংগ্রাম থেকে ‘দম’-এর গল্প

আবার ইউরোপের পথে ‘দেলুপি’

জেফার-প্রীতমের ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সব শো বন্ধ ঘোষণা

ওটিটিতে মান্নার সিনেমা ‘হৃদয় থেকে পাওয়া’