স্বাধীন চলচ্চিত্র হিসেবে প্রশংসা কুড়ানোর পর এবার অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেতে যাচ্ছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। ২৬ আগস্ট রাত ১২টা (২৭ আগস্ট) থেকে দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের গণরুমের অভিজ্ঞতার প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির পরিচালনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণ করেছেন আকাশ হক।
বিশ্ববিদ্যালয়ের হল-রাজনীতি, ক্ষমতার পরিবর্তন এবং শিক্ষার্থীদের ক্ষমতার বাহক হয়ে ওঠার গল্প উঠে এসেছে চলচ্চিত্রটিতে। রাজনৈতিক সংস্কৃতির নানা দিক হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। সিনেমাটিতে থাকা ‘সহমত ভাই’ নামের একটি র্যাপ গান আলাদাভাবে দর্শকদের নজর কেড়েছে, যার কথা ও সুর করেছেন তাবিব মাহমুদ এবং মিউজিক কম্পোজিশনে ছিলেন শুভ্র রাহা।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে দেশের রাজনৈতিক কাঠামোর ছোট সংস্করণ উল্লেখ করে নির্মাতা আকাশ হক বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে টার্গেট করিনি, বরং একটি ব্যবস্থা ও কালচার নিয়ে কথা বলতে চেয়েছি। বিভিন্ন উৎসব ও প্রেক্ষাগৃহে দর্শকরা সিনেমাটির হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন।’
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন ও মেহেদী হাসান সোহানসহ আরও অনেকে।