অবন্তী সিঁথি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই প্রজন্মের ভীষণ মিষ্টি আর সুরেলা কণ্ঠের একজন সঙ্গীতশিল্পী, যিনি কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণায় শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কারের জন্য চূড়ান্ত হয়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে অবন্তীর কণ্ঠে ‘চাঁদে থাকে জোছনা’ শিরোনামের একটি গান। গানটি লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ, মিউজিক করেছেন রেজওয়ান শেখ। গানটির নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন উজ্জ্বল খান।
মিষ্টি কথার ও সুরের এই গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান অবন্তী সিঁথি। লন্ডন থেকে অবন্তী সিঁথি বলেন, ‘গানটিতে ঠিক কবে ভয়েজ দিয়েছিলাম মনে নেই, তবে গানের কথা ও সুর আমার ভীষণ ভালোলেগেছিলো। গানটি প্রকাশের পর নিজেও বেশ কয়েকবার শুনেছি, নিজের গানতো নিজের কাছে ভালোলাগবেই, শ্রোতাদেরও ভালোলাগছে দেখে শান্তি লাগছে। দেশে নেই, তারপরও জমে থাকা গানগুলো যখন হঠাৎ হঠাৎ প্রকাশ পায় তখন বেশ ভালোলাগে। ধন্যবাদ এই গানের গীতিকার, সুরকার’সহ এই গানের নেপথ্যে যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে।’
‘চাঁদে থাকে জোছনা’র গানের মিউজিক ভিডিওর ক্রিয়েটিভ ডিরেক্টর উজ্জ্বল খান বলেন, ‘একটা গানের কথা ও সুরের উপর নির্ভর করে গানের মিউজিক ভিডিও কেমন হবে। সেদিক বিবেচনায় গানের মিউজিকি ভিডিওটিতে নিজের ক্রিয়েটিভিটিটা দেখানোর চেষ্টা করেছি। শ্রোতা দর্শকের ভালো লাগছে-এটাই প্রাপ্তি। ধন্যবাদ মো. জালাল আহমেদ’কে মিউজিক ভিডিওটি পরিচালনা করার জন্য।’
অবন্তী সিঁথি ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সিলেটের মেজর টিলার ছেলে অমিত দে’কে বিয়ে করেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সিঁথি কন্যা সন্তানের মা হন, নাম রেখেছেন অনুশ্রী।
উল্লেখ্য, সুড়ঙ্গ’ সিনেমার ‘গোটা পৃথিবীতে খুঁজো’ গানের জন্য সিঁথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চূড়ান্ত হয়েছেন। তার কণ্ঠের জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘রূপকথার জগতে’, ‘রাগ কমলে ফোন করিস’, ‘এত প্রেম এত মায়া’, ‘তুমি কী আমার বন্ধু হবে’, ‘আমার হয়ে থেকো’ ইত্যাদি।